শেখ হাসিনার সবকিছু ঠিক রাখার জন্য আপনাদেরকে ছাত্র জনতা ক্ষমতায় বসায় নি।

  মোহাম্মদ এনামুল হক জীবন     04-10-2024    147
শেখ হাসিনার সবকিছু ঠিক রাখার জন্য আপনাদেরকে ছাত্র জনতা ক্ষমতায় বসায় নি।

৫ ই আগস্ট ২০২৪ ছাত্র জনতার বিপ্লবে অর্জিত হয় আমাদের তৃতীয়বারের স্বাধীনতা! দশকের পর দশক এবং যুগের পর যুগ মানুষ শোষিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত ও সকল দিক থেকে মৌলিক, সাংবিধানিক ও নাগরিক অধিকার হারা হয়ে বিক্ষুব্ধ অবস্থায় মুক্তির প্রহর গুনছিল। শোকে শোকাহত, ব্যথায় ব্যথাতুর, কিংকর্তব্য বিমুঢ় মানুষগুলো শুধু সুযোগের অপেক্ষায় ছাতক পাখির ন্যায় অপেক্ষায় ছিল কবে সুযোগ আসবে এতবঞ্চনার অবসানের দিন ফিরে পাবে? কবে স্বাধীনতার স্বাদ নিতে পারবে? কবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে? কবে মনের ঝাল মিটিয়ে কথা বলতে পারবে, বুক ফুলিয়ে রাজপথে হাঁটতে পারবে?

১৯৪৭-এ ব্রিটিশদের অধীনে ২০০ বছর গোলামী করার পর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ বেনিয়াদের ষড়যন্ত্র মূলক চালের মধ্য দিয়ে স্বাধীনতা একবার অর্জিত হয়। ২৪ বছর পাকিস্তানী শাসকরা দেশ শাসন করে। পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের এ অঞ্চলের মানুষকে পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ ভোগ করতে দেয়নি। ১৯৭১ এর ২৫ শে মার্চ রাতে পাকিস্তানিরা আমাদের উপর অতর্কিত হামলা পরিচালনা শুরু করলে আবাল বৃদ্ধ বনিতা সহ সর্বস্তরের মানুষ পাকিস্তানের লেলিয়ে দেয়া বাহিনীর বিরুদ্ধে সময়ের প্রেক্ষাপটে যুদ্ধে লিপ্ত হয় এবং এক সাগর রক্ত দিয়ে একাত্তরে অর্জিত হয় স্বাধীনতা। কিন্তু যে চাপাবাজ পাকিস্তানীদের বিরুদ্ধে আমাদেরকে ক্ষেপিয়ে তুলেছিল এবং সংঘটিত করেছিল সেই শেখ মুজিবুর রহমানই একাত্তরের বহু রক্তের ও জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কে নিরর্থক করে দিয়েছে। ক্ষমতায় বসার আগে তার অঙ্গুলি হেলনে ও আওয়াজ তুলনে বাংলাদেশের মানুষ তার প্রতি মুগ্ধ হয়েছিল। আশা করেছিল শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উত্তর বাংলাদেশের মানুষকে শান্তিতে দিনাতিপাত করার একটা সুযোগ করে দেবে ; কিন্তু ক্ষমতায় বসেই তিনি মানব থেকে দানবে পরিণত হলেন। প্রধানমন্ত্রী থেকে তিনি হয়ে গেলেন দৌরদণ্ড প্রতাপশালী প্রেসিডেন্ট! এরপর বাকশাল কায়েম করে বনে গেলেন বাংলাদেশের একমাত্র মালিক! জনগণ তার লাল বাহিনী, নীল বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হতে থাকলো ; এক পর্যায়ে সেনাবাহিনীর কয়েকজন অফিসার ৭৫ এর ১৫ই আগস্ট এক রাতের অভিযানে শেখ মুজিবকে এবং তার পরিবারকে তছনছ করে দিলেন এবং মানুষ আনন্দে আত্মারা হয়ে একে অপরকে মিষ্টি খাওয়ালেন আর উপলব্ধি করলেন যেন ফেরাউনের দু:শাসন থেকে মুক্তি পেয়েছে। অদ্ভুত এ দৃশ্য! একাত্তরের স্বাধীনতার আগে যে বঙ্গবন্ধু জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন, মাত্র সাড়ে তিন বছর দেশ শাসন করে জনগণকে এতটাই বিষিয়ে তুলেন যে, জনগণ চরমভাবে ক্ষুব্ধ হয় এবং তার জনপ্রিয়তা ইতিহাসের আস্তা কুড়ে নিক্ষিপ্ত হয়।

২১ বছর পর শেখ মুজিব কন্যা শেখ হাসিনা ছলে বলে কৌশলে মসনদে আসীন হন পিতা হত্যার প্রতিশোধ স্পৃহা নিয়ে! প্রতিশোধের আগুন বুকে নিয়ে ২০০৮ সাল থেকে ২০২৪ সাল নাগাদ সাড়ে ১৫ বছর সকল স্তরের মানুষকে অতিষ্ঠ করে তোলেন। ২০২৪ সালে তরুণ ও মেধাবী ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিনের বৈষম্যের অবসান চেয়ে আন্দোলনের চূড়ান্ত ডাক দিলে মানুষ সকল সেক্টর থেকে একসাথে ঝাঁপিয়ে পড়ে। তরুণ ছাত্র-ছাত্রীদের সাথে যোগদান করে তাদের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দল,মত, ধর্ম বর্ণ, রাজনৈতিক মতাদর্শ সকল বিভেদ কে তুচ্ছ করে দিয়ে রাজপথে নেমে আসে। তরুণ ছাত্রছাত্রীদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় এবং একাত্মতা ঘোষণা করে। এখানেই শেষ নয়, জাতি, ধর্ম গোষ্ঠী সবকিছুর ঊর্ধ্বে উঠে শেখ হাসিনার জগদ্দল পাথরের ন্যায় জোর করে বসে থাকা সরকারকে সমূলে উৎপাঠিত করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে পড়ে এবং এক অভূতপূর্ব ঐতিহাসিক গন বিপ্লব সংঘটিত হয়।

গনবিপ্লব উত্তর বিপ্লবী ছাত্র জনতা বিশ্ব বিখ্যাত, স্বনামধন্য ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে স্বাধীনতার উষালগ্নে বিপ্লবী সরকার গঠন করে। ২০২৪ এর ৫ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তার অনুসারীরাও ক্রমে ক্রমে পালিয়ে যাওয়া শুরু করে, এমনকি জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পলায়ন করে!

এমন পরিস্থিতিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে যে সরকারকে ক্ষমতায় বসিয়েছে সেটা কোন, বিদ্রোহী সরকার নয়, ক্যুু করা বা ষড়যন্ত্র করে আশা কোন সরকার নয়। কোন দলের পক্ষ থেকে আসীন কোন সরকারও নয়, সংবিধানের কেয়ারটেকার সরকারও নয়, নয় কোন অন্তর্বর্তীকালীন সরকার ; সময়ের দাবিতে বা প্রেক্ষাপটে ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে ঘটিত সবচেয়ে বড় মেন্ডেট প্রাপ্ত সরকার। মানুষ যে বিপ্লবী সরকার গঠন করেছে এবং আপনাদেরকে বিপ্লব উত্তর সরকার হিসেবে ক্ষমতায় বসিয়েছে তার উদ্দেশ্য এই নয় যে, আপনারা স্বৈরাচারী, গন বিরোধী পিচাশ শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানকে লাইন বাই লাইন মেনে চলবেন, তার পতিত আমলাদেরকে আগের স্ব স্ব জায়গায় বহাল তবিয়তে বসিয়ে রাখবেন, নির্বাচন কমিশনকে ঢেলে সাজাবেন না, বিচার বিভাগকে সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজাবেন না, এভাবে তার রেখে যাওয়া সবকিছুকে ঠিকঠাক রেখে রাষ্ট্র চালিয়ে যাবেন এজন্য আপনাদেরকে এত বড় ম্যান্ডেট দেয়া হয়নি।

আপনাদেরকে যে বিশাল ম্যান্ডেট দেয়া হয়েছে বিপ্লবী সরকার হিসেবে আপনারা একটা বৈপ্লবিক পরিবর্তন করবেন, আগের সংবিধানকে সম্পূর্ণ ছুড়ে ফেলে দিয়ে দেশ এবং জাতির কল্যাণে ছাত্র জনতার বিপ্লবের স্পিরিটের আলোকে নতুন সংবিধান রচনা করবেন, দেশটাকে সম্পূর্ণ নতুন ভাবে সাজাবেন, আগের সমস্ত কুলাঙ্গারদেরকে গন বিরোধী বড় বড় চেয়ার দখলকারী দেরকে ঝেঁটিয়ে বিদায় করবেন, উপযুক্ত প্রমাণের ভিত্তিতে উপযুক্ত শাস্তি প্রদান করবেন, যাদেরকে প্রয়োজন ঐতিহাসিক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, পুরনো কলঙ্কিত কাউকে কোন ভাবে কোন ছিদ্র দিয়ে পজিশন নিতে দিবেন না, সংবিধান, বিচার বিভাগ,নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এগুলো সম্পূর্ণ নতুনভাবে সাজাবেন এবং জনগণের অধিকার ও নিরাপত্তার নিমিত্তে যে কোন বড় ধরনের পরিবর্তন করার জন্য এ ঐতিহাসিক বিপ্লব হয়েছে এবং সর্বস্তরের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। ১৮ কোটি মানুষ সর্বোচ্চ স্বীকৃতি আপনাদেরকে দিয়েছে, শেখ হাসিনার বসিয়ে যাওয়া রাষ্ট্রপতি চুপ্পুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রাঘব বোয়ালদের কে বহাল তবিয়তে বসিয়ে রাখার জন্য নয়। সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান সাহেব আপনাদের মত বিপ্লবের মাধ্যমে এত বেশি পরিমাণ জননন্দিত বিপ্লবী সরকার প্রধান ছিলেন না। শুধুমাত্র কেয়ারটেকার সরকার প্রধান হয়ে তিনি প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরপরই অনতিবিলম্বে প্রশাসনের সকল ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন করে ফেলেছিলেন এবং মাত্র তিন মাসের সময়ে তিনি জাতিকে যে নির্বাচন উপহার দিয়েছিলেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।

অন্যদিকে আপনাদের সরকার তো সংক্ষিপ্ত সময়ের কেয়ারটেকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার নয় ; আপনাদের সরকার সর্বসম্মত ঐতিহাসিক বিপ্লবী সরকার। আপনারাই সর্বোচ্চ পরিমাণ মেন্ডেট পেয়েও বিপ্লবের আলোকে সংবিধান পরিবর্তন, সকল আমলা লেবেলে পরিবর্তন, বিচার বিভাগীয় পরিবর্তন, বড় বড় সব পরিবর্তন যত দ্রুত করবেন তাতেই ১৮ কোটি মানুষের সমর্থন আপনাদের পাশে থাকবে, আর শেখ হাসিনার রেখে যাওয়া তল্পিবাহকদের বহাল তবিয়তে রেখে একদিকে যেমন রাষ্ট্র পরিচালনা সুষ্ঠুভাবে করতে পারবেন না, একটা পর একটা ষড়যন্ত্রের শিকার হতে থাকবেন, অস্থিরতার মধ্যে দিনাতিপাত করবেন এবং ছাত্র জনতার বিপ্লবের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা থেকে দূরে সরতে থাকবেন এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত যে জনসমর্থন সেটা দিনদিন কমতে থাকবে। লেখক :মোহাম্মদ এনামুল হক জীবন, সেক্রেটারি, ঢাকা বিভাগ, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা।

মুক্তমত-এর আরও খবর