জাতীয় জীবনে অটুট বন্ধন ও প্রেরণার এক উৎসের নাম অমর একুশ।

  বিশেষ প্রতিনিধি    21-02-2025    79
জাতীয় জীবনে অটুট বন্ধন ও প্রেরণার এক উৎসের নাম অমর একুশ।

(দিবস এলেই পারা-পারী,কথামালার ফুলঝুড়ি,একুশের প্রভাত ফেরী,ফূলের তোরা গাড়ী-গাড়ী,বেলা শেষে সবি যেন শান্ত,দিবস যেন দিবসেই ক্ষান্ত)। বাঙালিজাতীর সিমাহীন ত্যাগ,অজশ্র রক্ত ও প্রানান্তকর প্রচেষ্টার বিনিময়ে অনন্য মহান এক সৃষ্টির নাম একুশ। একুশ মূলত একটি অনুভূতি, বিশ্বব্যাপীপঠিত ,বৈশ্বিক নিশান ও মহান এক বিপ্লবের নাম। ১৯৫২ এর ২১-ফেব্রুয়ারি মায়ের ভাষার সম্মান রক্ষার্থে জীবন উৎসর্গের অনন্য ও অনবদ্ধ এক ইতিহাসের নাম একুশ। একুশ বাঙালি জাতিকে স্বতন্ত্র এক মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে,যার চেতনা ও প্রেরনায় সারাবিশ্ব আজ উজ্জীবিত । আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এক দিকে যেমন ভাষার মর্যাদাকে করেছে প্রতিষ্ঠিত, তেমনি অন্যদিকে বিশ্বব্যাপী বাঙালিকে করেছে গর্বিত।

পাকিস্তান প্রতিষ্ঠার পর পরই শাসকগোষ্ঠী কর্তৃক একুশের পটভূমি তৈরি হতে থাকে। পশ্চিমাদের দ্বারা পূর্বদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার নীল নকশায় বাংলা ভাষার ওপর নগ্ন হামলা ও বাঙালির রুখে দেওয়ার কালজয়ী এক দিবসের নাম একুশ ফেব্রুয়ারি। নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় বাঙালি জাতিকে দুর্বল করতে,তদানীন্তন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা হওয়া সত্বেও পশ্চিমা শাসকগোষ্ঠী গায়ের জোরে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষায় রূপ দিতে নগ্ন ও বর্বচিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। “উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা”১৯৪৮ সালের ২১ মার্চ গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ-র এমন ঘোষণার প্রতিবাদে ফেটে পড়ে পূর্ববাংলার ছাত্রজনতা।

দিন যতই অতিবাহিত হয়,ভাষার দাবিতে প্রতিবাদ ততই জোরালো হয়ে ওঠে। ১৯৫২ এর ২৬ জানুয়ারি তদানীন্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন জিন্নাহ-র ঘোষণার পুনরাবৃত্তি করলে ছাত্রসমাজ ও সরকারের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। এমন প্রেক্ষাপটে, মাতৃভাষার সম্মান রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠে দেশপ্রেমিক বাঙালি জাতি। গড়ে তোলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ছাত্র সমাজের আহ্বানে ২১ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটে মিছিল-মিটিংয়ের উপর শাসকগোষ্ঠী ১৪৪ ধারা জারি করেন। সংগঠিত ছাত্রসমাজ ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার, শফিউর সহ নাম না জানা আরও অনেকে। শহীদের এ আত্মত্যাগ আন্দোলনকে আরও বেগবান করে। রক্তাক্ত একুশের এই স্মৃতিকে ভাস্বর করতে গড়া হয় শহীদ মিনার। যা বাংলার জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল ঐতিহ্যপূর্ণ ইতিহাস। তখন থেকেই এ দিনটিকে বাঙলী শহীদ দিবস হিসেবে উদযাপন করে আসছে। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে শহীদ দিবস জাতীয় দিবসের মর্যাদা লাভ করে। বাঙালির আত্মত্যাগের সুমহান ইতিহাস বিশ্বব্যাপী সবার দৃষ্টি আকর্ষণ করে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর সাধারণ পরিষদ-২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়াও ২০১০ সালে জাতিসংঘের স্বীকৃতির মাধ্যমে মাতৃভাষার জন্য বাঙালীর সংগ্রাম ও আত্মত্যাগ বিশ্ব-পরিমণ্ডলে এক বিশেষ মর্যাদা লাভ করে।

একুশের ভাষা আন্দোলন মূলত ৪টি স্লোগানের ভিত্তিতে আত্ব প্রকাশ পেয়েছিল। (রাষ্ট্র ভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, শহীদ স্মৃতি অমর হোক এবং সর্বস্তরে বাংলা চালু কর)। প্রতিটি স্লোগান বাঙালি জাতিগোষ্ঠীর জন্য এক অনন্য তাৎপর্যপূর্ণ ও আর্থসামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক স্বার্থের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাষ্ট্রযন্ত্র ও রাজনীতিকে ঘিরে গণতন্ত্রের চর্চা ও অধিকার রক্ষার মতো বিষয়াদি যা তৎকালীন উপনিবেশ সংশ্লিষ্ট দেশগুলোতে ছিলো খুবি দুর্লভ। সে সময়ে পাকিস্তানের অগণতান্ত্রিক দুঃশাসনে গণতন্ত্রী ও প্রগতিশীল রাজবন্দীদের দিয়ে জেলখানাগুলো ভরে উঠেছিল । রাজনৈতিক মতাদর্শ ভুলে ভাষাসংগ্রামীরা সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন। জনগোষ্ঠীর স্বার্থ-সংশ্লিষ্ট এ দাবির ক্ষেত্রে সম্প্রদায় বিভাজনের কোনো প্রশ্নই ছিল না। প্রেক্ষাপটে কেবল মাত্র ছিল ভাষিক বাঙালি জাতির আর্থ-সামাজিক-সাংস্কৃতিক স্বার্থ।

মানুষ আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়। একুশ ঠিক তেমনি একটি চেতনা যা বাঙালির অধিকার আদায়ে ছিল মূলমন্ত্র। সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করতে বাঙালির ঐক্যবদ্ধ সংগ্রামের বহিঃপ্রকাশই ৫২-একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ এর ভাষা আন্দোলন সময়ের দাবিতে রূপন্তরিত হয়েছিল বাঙালির স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামে। একুশের চেতনারই পরিপূর্ণ রূপ রেখা হলো ১৯৭১ সালের বাঙালির মুক্তির সংগ্রামের মধ্যদিয়ে অর্জিত স্বাধীনতা।

একুশ কেবল মাত্র ঐতিহাসিক দিবস নয়, বরং এর তাৎপর্য ব্যাপকতা ও গভীরতা সুবিশাল ও বিস্তৃত। একুশ বাঙালি জাতীর চিন্তা-চেতনায় দিয়েছে স্বচ্ছতা, জাতীয় সংকটে দিয়েছে যথার্থ পথ নির্ধারণের শিক্ষা ও ধ্যান-ধারনা, শাসকগোষ্ঠীর অত্যাচার, আর নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে সুসংগঠিত হতে করেছে উদ্বুদ্ধ। একুশ বাঙালির ঐতিহ্য,সংস্কৃতি, মূল্যবোধ ও অর্জীত স্বাধীনতা নিয়ে জাতিকে বাঁচতে শিখিয়েছে বীরত্বের সাথে।

একুশ বাঙালির সাংস্কৃতিকে করেছে সমৃদ্ধীর সম্ভার। একুশের সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ব্যাপক প্রসার ঘটেছে বাংলার শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে। রচয়িত হয়েছে কালজয়ী গান, কবিতা, নাটক, চলচ্চিত্র। ক্রমাগতভাবে বিকশি হয়ে চলেছে বাংলার শিল্প-সংস্কৃতির ধারা। একুশের চেতনায় ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি। প্রতিবছর বাংলা একাডেমির আয়োজনে অমর একুশের বইমেলা আজ যেন বাঙালীর জাতীয় ও প্রাণের উৎসবে পরিণত হয়েছে। বাংলা ভাষা,সাহিত্য ও সংস্কৃতির চর্চা, গবেষণা ও বিকাশে এই প্রতিষ্ঠান অসামান্য অবদান রেখে চলেছে।

পাকিস্তানিদের কুমতলব ও অপচেষ্টার মধ্যে ছিল বাংলা বর্ণমালা বাদ দিয়ে বাংলা ও উর্দু মিলে নতুন ভাষা তৈরি করা। রবীন্দ্রনাথকে বর্জণ, নজরুল সাহিত্যকে খণ্ডিতকরণ। এবং সর্বোপরি, বাংলা সাহিত্যকে পাকিস্তানিকরণ ইত্যাদি। বাংলার একুশ, পাকিস্তানিদের সকল হীনচক্রান্ত প্রতিহত করেছে। একুশের চেতনায়,বাংলার সাধারণ মানুষ ও প্রগতিশীল ছাত্র-শিক্ষক,কবি,সাহিত্যিক,লেখক,সাংবাদিক,বুদ্ধিজীবী ও শিল্পীর বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বরে লেজ গুটিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে পাকিস্তানি শাসকগোষ্ঠী। তাই বাংলার গন্ডি পেরিয়ে ‘অমর একুশ’ আজ ঠাঁই করে নিয়েছে মুক্ত আকাশে,একুশের চেতনায় মুষ্টিবদ্ধের ন্যায় উদ্বুদ্ধ হয়ে আজ উজ্জীবিত হচ্ছে বিশ্ব।

সংবিধানের ৩নং অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা বাংলা। ১৯৮৭ সালের ‘বাংলা ভাষা প্রচলন আইন’ বৈদেশিক সম্পর্ক ব্যতীত অন্যান্য সকল রাষ্ট্রীয় কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করেছেন। যুদ্ধ করে, রক্ত দিয়ে মাতৃভাষার সম্মান রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার ঘটনা কেবলমাত্র বাঙালির ঝুলিতে থাকলেও বাংলাদেশেই রয়েছে আরো অনেক ভাষাভাষীর মানুষ। ফলে একুশের তাৎপর্য অবশ্যই সকল মাতৃভাষা ও বর্ণমালার প্রতি সম্মান প্রতিষ্ঠা। আজকের পৃথিবীতে রাষ্ট্রভাষা বা প্রধান ভাষার অধিকতর ব্যবহারের ফলে কম মানুষের ব্যবহৃত মাতৃভাষাগুলো এখন যেন মলিন হয়ে ক্রমেই হারিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতায় বিলুপ্তপ্রায় মাতৃভাষাগুলো ফিরে পেতে পারে হারানো সেই ঐতিহ্য ও গৌরব, প্রতিষ্ঠিত হতে পারে মাতৃভাষাগুলোর সম্মান।

ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকাগুলোতে বসবাস করে এমন বাংলাদেশিরা তারা তাদের নিজ নিজ ভাষায় কথা বলে। বাংলাদেশের জাতীয় ভাষা বাংলার বাইরেও মাতৃভাষার সংখ্যা রয়েছে প্রায় ৪১টি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে এই সংখ্যা নির্ণয়ের কাজটি সম্পন্ন করেছেন। নতুনভাবে খুঁজে পাওয়া (১৫টি) ভাষাগুলোর বেশিরভাগেরই কোনো লিপি বা শীলা লিপি নেই। লিপিহীন ভাষাগুলোকে অক্ষরহীন ভাষা বলা হয়ে থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের গেল কয়েক বছরের গবেষণায় যে ৪১টি মাতৃভাষার সন্ধান পাওয়া যায়, তা হলো: সাঁওতালি, মাহলে, কোল, কোদা বা কোরা , মুন্দারি, খারিয়া, সাউরা, খাসি, আবেং, আচিক, কুরুখ, মাল্টো, তেলেগু, গারো/ মান্দি, হাজং, কোচ, লালেং/ পাত্রা, মারমা, কোকবরক, খুমি, খিয়াং, লুসাই, তংচঙ্গা, রাখাইন, পাংখুয়া, বাউম, রেংমিট্চা, চক, মণিপুরী মেইথেই, লিঙ্গম, সাদরী, মাদ্রাজী, থর্, উর্দু, ওড়িয়া, অহমিয়া, মণিপুরী বিষ্ণুপ্রিয়া, কানপুরী, চাকমা, নেপালি এবং কন্দো।

এই ৪১টি ভাষার মধ্যে সবচেয়ে যেটি কম চর্চা হয় রেংমিট্চা ভাষা, এ ভাষায় শুধুমাত্র ২৫ জন কথা বলে এমনই তথ্য পাওয়া গেছে। অন্যান্য ভাষাগুলোও প্রায় বিলুপ্তির পথে। মাতৃভাষার সংরক্ষণ ও মাতৃভাষাশ্রয়ী শিক্ষাব্যবস্থা চালুর মাধ্যমে ভাষাগুলোকে প্রাবন্ত করা যেতে পারে। যে ভাষাগুলো কেবল মৌখিক রূপের মধ্যে সীমাবদ্ধ, যার কোনো লিপি নেই, কাঠামো বা ব্যাকরণ নেই, কোনো লেখা হচ্ছে না, এমনসব অক্ষরহীন ভাষা টিকিয়ে রাখার কাজটা আসলেও সহজ নয়। ভাষাগুলোকে জীবন্ত ও সচল করতে ব্যবহারিক কাজে প্রয়োগ ও বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় কাজ করা প্রয়োজন। প্রতিটি ভাষার ডকুমেন্টশন প্রস্তুত ও অভিধান তৈরি করা, সংশ্লিষ্ট ভাষায় প্রাথমিক বই লেখার জন্য লিপি ও ব্যাকরণ সংগ্রহ করে শিক্ষাদানের জন্য উপযুক্ত করে তোলা। সৃজনশীল পন্থা ও বৈজ্ঞানিক প্রক্রিয়া ব্যবহারে এসব ভাষার প্রাণ সঞ্চারিত হয়ে ধীরে ধীরে এক সময় আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চার উপযোগী হয়ে উঠবে।

কোল জাতিগোষ্ঠীর সংখ্যা দু,হাজারের মধ্যে বেশির ভাগেরই বসবাস চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে। ২০১১ সালে প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাবুডাইং, ফিলটিপাড়া ও চিকনা গ্রামে কোল ভাষায় ৩ টি স্কুল চালু আছে। স্কুলগুলোতে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রয়েছে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস (সিল) কোল ভাষায় বর্ণমালা তৈরি শুরু করেন। এ প্রতিষ্ঠান কোডা, হাজং, কোচ (তিনটিকিয়া), মাহালে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ভাষার বর্ণমালা তৈরি করেছেন। তবে, নাজুক অবস্থার মধ্যে থাকলেও চাকমা, মারমা, সাঁওতালদের মতো বড় জাতিগোষ্ঠীগুলোর নিজস্ব বর্ণমালা রয়েছে।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা বাংলা ভাষাভাষীদের দাপটে যদি দেশের কোন একটি জাতির বর্ণমালা বা মাতৃভাষা হারিয়ে যায় তাহলে একুশের চেতনা ও তাৎপর্য হয়তোবা প্রশ্নবিদ্ধ হবে। একুশের চেতনা বাস্তবায়নে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিটি জাতিগোষ্ঠীর বর্ণমালা ও মাতৃভাষায় প্রাণ সঞ্চারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে।

একুশের চেতনা অবশ্যই মানুষের অধিকার আদায় ও সংগ্রামের হাতিয়ার। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে শাসকগোষ্ঠী যতবারই আত্ম-অহংকার বা অজ্ঞতার বসে গণবিরোধী, স্বৈরাচারী মনোভাব পোষণ করেছে, ঠিক ততোবারই এদেশের মানুষ একুশের চেতনায় গর্জে উঠে ঝাঁপিয়ে পড়েছে অধিকার আদায়ের লড়াই- সংগ্রামে। ছিনিয়ে এনেছে ভাতের অধিকার, ভোটের অধিকার, মত প্রকাশের অধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার। সকল কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠীর প্রতি বার্তা দিয়েছে যে, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জুলুম-নির্যাতন,অত্যাচার-শোষণ বেশীদিন টিকিয়ে রাখা যায় না। একুশের চেতনায় উদ্বুদ্ধ জাতিকে অধিকার আদায়ের আন্দোলনে খুব বেশী সময় স্তব্ধ করা যায় না।

মহান অমর একুশের চেতনা হোক আমাদের অনাগত ভবিষ্যৎ প্রজন্মের দিক-নির্দেশক। একুশ বাঙালি জাতির বারংবার উজ্জীবিত ও জাগ্রত হবার আলোকবর্তিকা। অমর একুশ হোক জাতীয় জীবনের প্রতিটি শুভ প্রয়াসের মূর্ত প্রতীক। একুশ আমাদের জাতির জাতীয় সাংস্কৃতির বিকাশ। একুশ বাঙালির গৌরবোজ্জ্বল বীরত্বগাথা ও প্রেরণার এক উৎসের নাম। একুশ দেশের জাতীয় সকল সংকট ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী বজ্রকন্ঠ। একুশ বাঙালির আসরণ অস্তিত্ব,অসাম্প্রদায়িকতা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।(তাই আসুন দিবস যেন দিবসেই না হয় ক্ষান্ত,প্রতিটি দিবস যেন থাকে আজীবণ প্রাণবন্ত)।যতই আসুক তুফান ঝড়,আগামীর সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই হবো কারীগড়)। এই একুশের শিক্ষা,আগমীর প্রজন্মের জন্য হয় যেন আজীবণ দীক্ষা)। লেখক:এম.এ.জলিল রানা,সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট:২১ ফেব্রুয়ারী-২০২৫।

মুক্তমত-এর আরও খবর