খুন-ধর্ষণ-অপহরণ রোধে জাতীয় সচেতনতা আন্দোলনের দাবি

অপরাধমুক্ত বাংলাদেশ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান: ডাঃ হাছান আহমেদ মেহেদী

  বিশেষ প্রতিনিধি    07-06-2026    210
খুন-ধর্ষণ-অপহরণ রোধে জাতীয় সচেতনতা আন্দোলনের দাবি

নুতন সরকারের ১০০ দিনে ৬০৫ খুন!! দেশে অপরাধ বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ, নৈতিক ও সামাজিক জাগরণের আহ্বান

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির মহাসচিব ডাঃ হাছান আহমেদ মেহেদী দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, খুন, অপহরণ, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন জঘন্য অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক ও অশনিসংকেত। একটি সভ্য, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় এ ধরনের অপরাধের বিস্তার কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, অপরাধ দমনে শুধু আইন প্রয়োগকারী সংস্থার অভিযানই যথেষ্ট নয়; এর পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা, পারিবারিক বন্ধন এবং সামাজিক জবাবদিহিতা শক্তিশালী করতে হবে। প্রশাসনের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বিচার প্রক্রিয়ার কার্যকারিতা বৃদ্ধি করতে হবে, যাতে অপরাধীরা দ্রুত বিচারের আওতায় আসে এবং শাস্তির দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়।

ডাঃ হাছান আহমেদ মেহেদী আরও বলেন, সমাজে নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি, অসহিষ্ণুতা এবং সামাজিক দায়বদ্ধতার অভাব অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে নৈতিকতা ও মানবাধিকারভিত্তিক সচেতনতা কর্মসূচি গ্রহণ করা জরুরি। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সাপ্তাহিক সচেতনতামূলক সভা, মানবাধিকার ও নৈতিক শিক্ষা বিষয়ক সেমিনার এবং শিক্ষার্থী-অভিভাবক সমন্বয় কার্যক্রম চালু করা প্রয়োজন।

তিনি মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়কে সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, প্রতি জুমার খুতবা এবং ধর্মীয় সমাবেশে নৈতিকতা, মানবাধিকার, সামাজিক দায়িত্ব ও অপরাধ প্রতিরোধ বিষয়ক আলোচনা জোরদার করা উচিত। ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ একযোগে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

মহাসচিব বলেন, মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার, প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃত্ব, গণমাধ্যম এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধমুক্ত, বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ আজ সময়ের দাবি।

তিনি দেশের সকল নাগরিক, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সবাই মিলে মানবিক মূল্যবোধ, নৈতিকতা, আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল একটি সমাজ গড়ে তুলি। সচেতনতা, জবাবদিহিতা এবং সম্মিলিত সামাজিক উদ্যোগের মাধ্যমেই অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব।”

জাতীয়-এর আরও খবর