ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ১২ দলীয় জোটের নিন্দা ও প্রতিবাদ

  বিশেষ প্রতিনিধি    09-11-2026    20
ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ১২ দলীয় জোটের নিন্দা ও প্রতিবাদ

১২ দলীয় জোট তারিখ: ০৮ নভেম্বর, ২০২৬ খ্রি. প্রেস বিজ্ঞপ্তি / বিবৃতি

বিষয়: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ।

বিগত ৭ নভেম্বর শনিবার সন্ধ্যা থেকে দিবাগত রাত পর্যন্ত রাজধানী ঢাকা এবং এর আশপাশের বিভিন্ন এলাকা যেমন—যাত্রাবাড়ী, মহাখালী, বনানী, সাভার, পল্লবী ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একযোগে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ এবং রাষ্ট্রীয় ও জনসাধারণের জানমালের ওপর যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করছে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

গণমাধ্যমের সূত্রে আমরা জানতে পেরেছি, বনানীর সেতু ভবন, সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চরম আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।

একই সাথে পল্লবী ও মহাখালী বাস টার্মিনালে বাসে অগ্নিসংযোগ করে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। গভীর উদ্বেগের বিষয় হলো, যাত্রাবাড়ী চৌরাস্তায় হেলমেট পরিহিত দুর্বৃত্তদের প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে।

১২ দলীয় জোট মনে করে, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করা, জনগণের মনে ভীতি সঞ্চার করা এবং গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে এই ধরনের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করছে। জননিরাপত্তা বিঘ্নিত করার এই অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আমরা এই কাপুরুষোচিত ও হীন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত প্রকৃত দোষী ও নেপথ্যের মূল হোতাদের অবিলম্বে সিসিটিভি ফুটেজ ও ভিডিও যাচাই করে চিহ্নিত করার দাবি জানাচ্ছি। একই সাথে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর আহ্বান করছি। দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের উস্কানি ও আরাজকতা রুখে দিতে ১২ দলীয় জোট সর্বদা দেশবাসীর পাশে থাকবে।

বিবৃতিতে যৌথভাবে স্বাক্ষর ও সংহতি প্রকাশ করেছেন: ১. জনাব মোস্তফা জামাল হায়দার প্রধান, ১২ দলীয় জোট এবং চেয়ারম্যান, জাতীয় পার্টি (কাজী জাফর)। ২. ড. মাওলানা মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম মুখপাত্র, ১২ দলীয় জোট এবং মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ৩. মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ সমন্বয়ক, ১২ দলীয় জোট এবং চেয়ারম্যান, বাংলাদেশ কল্যাণ পার্টি। ৪. জনাব আমিনুল ইসলাম চেয়ারম্যান, ইউনাইটেড লিবারেল পার্টি। ৫. বীর মুক্তিযোদ্ধা শওকত আমীন সিনিয়র ভাইস চেয়ারম্যান, ইসলামী ঐক্যজোট। ৬. জনাব আবুল কাসেম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক পার্টি। ৭. মাস্টার আবদুল মান্নান চেয়ারম্যান, নয়াগণতান্ত্রিক পার্টি, প্রমুখ।

বার্তা প্রেরক, মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ, সমন্বয়ক ১২ দলীয় জোট, ও চেয়ারম্যান বলাদেশ কল্যাণ পার্টি। মোবাইল : ০১৮১৭৫৬৩৩০৮

জাতীয়-এর আরও খবর