নির্বাচন ব্যবস্থায় মৌলিক পরিবর্তন ছাড়া গণআন্দোলনের চেতনা রক্ষা সম্ভব নয়।।

নির্বাচনে অনিয়মের অভিযোগে গণতন্ত্র ও শহীদদের আত্মত্যাগ প্রশ্নবিদ্ধ।

  বিশেষ প্রতিনিধি    23-01-2026    248
নির্বাচন ব্যবস্থায় মৌলিক পরিবর্তন ছাড়া গণআন্দোলনের চেতনা রক্ষা সম্ভব নয়।।

নির্বাচনে অনিয়মের অভিযোগে রাষ্ট্রীয় জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার বক্তব্যে উঠে আসা তথ্য অনুযায়ী, যদি সত্যিই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৪৫ জন ঋণখেলাপি ও ২২ জন দ্বৈত নাগরিক ব্যক্তি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে থাকেন, তবে তা সংবিধান, নির্বাচন আইন ও গণতান্ত্রিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এমন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে জনগণের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে— রিটার্নিং অফিসারদের যাচাই-বাছাই প্রক্রিয়া কতটা কার্যকর ছিল? নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কি না? এছাড়া, তথ্য গোপন বা অসম্পূর্ণ উপস্থাপনের মাধ্যমে আদালতের অনুমোদন নেওয়া হয়ে থাকলে, সে বিষয়ে হাইকোর্টের অনুমতির ভিত্তি জনসম্মুখে স্পষ্ট করা জরুরি। আমরা মনে করি, বিষয়টি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ নয়; বরং এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা ও নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা রক্ষার প্রশ্ন। এ প্রসঙ্গে স্মরণ করা প্রয়োজন— আবু সাঈদ, আরমান, মুগ্ধ, হাদিসসহ ১৬০০ থেকে ২০০০ জুলাই শহীদের আত্মত্যাগ কোনো ক্ষমতার পালাবদলের জন্য ছিল না। তাঁদের আত্মত্যাগ ছিল ন্যায়, আইনের শাসন ও গুণগত রাষ্ট্রীয় পরিবর্তনের দাবিতে। আজ যদি দেখা যায়— শুধু ক্ষমতার হাতবদল ঘটছে, কিন্তু নির্বাচন ব্যবস্থা, আইনের প্রয়োগ ও রাজনৈতিক সংস্কৃতিতে কোনো মৌলিক পরিবর্তন আসছে না, তাহলে তা হবে গণআন্দোলনের চেতনার সঙ্গে স্পষ্ট বিরোধিতা। নাহিদ, সজিব, হাসনাত, আব্দুল্লাহ, সার্জিসসহ তরুণ নেতৃত্বের আন্দোলনের মূল দাবি ছিল দৃশ্যমান ও টেকসই সংস্কার। সেই দাবির প্রতিফলন রাষ্ট্রীয় ব্যবস্থায় না ঘটলে জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই— গুণগত ও দৃশ্যমান মৌলিক পরিবর্তন ছাড়া, শুধু ক্ষমতার হাতবদলে দেশের মানুষ স্বস্তি পাবে না। অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান— বিতর্কিত প্রার্থিতার বিষয়ে নিরপেক্ষ তদন্ত, নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ অবিলম্বে শুরু করা হোক। গণতন্ত্রের নামে অনিয়মের বৈধতা দেওয়া হলে, তার দায় ইতিহাস কাউকে ক্ষমা করবে না।

জাতীয়-এর আরও খবর