নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

  বিশেষ প্রতিনিধি    28-04-2024    122
নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীতে গোসলে নেমে দুই ভাই নিখোঁজ হয়। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার আলাপুর আশ্রয়ণ কেন্দ্রের পাশের খোয়াই নদীতে এ ঘটনা ঘটে। মোশাহিদ মিয়ার (৬) মরদেহ উদ্ধার করা হলেও রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত জুনাঈদ মিয়ার (১০) সন্ধান পাওয়া যায়নি। তারা হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার ছেলে।

তাদের মা মনোয়ারা খাতুন বলেন, আমি দুই ছেলেকে নিয়ে গত শুক্রবার বোনের বাড়িতে বেড়াতে আসি। খালাতো ভাইয়ের সঙ্গে মোশাহিদ ও জুনাইদ নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। এরপর তাদের সঙ্গে অন্য শিশুরা বাড়িতে এসে বিষয়টি জানায়। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেই।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে চলে গেলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু হবিগঞ্জ জেলার ডুবুরি অসুস্থ থাকায় উদ্ধার কাজ শুরু করা যায়নি। পরে সিলেট থেকে ডুবুরি এসে উদ্ধার কাজ শুরু করে।

সারাদেশ-এর আরও খবর