কৃষকের ছোট হিমাগার কৃষিতে নতুন মাত্রা যোগ করবে: উপদেষ্টা

  বিশেষ প্রতিনিধি    27-02-2025    136
কৃষকের ছোট হিমাগার কৃষিতে নতুন মাত্রা যোগ করবে: উপদেষ্টা

ডাঃ হাছান আহমেদ মেহেদী
ব্যবস্হাপনা পরিচালক,নিখাদ অর্গানিক এগ্রো লিঃ।
জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ অর্গানিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন।
কৃষকদের অন্যতম প্রধান সমস্যা হলো ন্যায্যমূল্য প্রাপ্তির অভাব। মৌসুমের সময় অতিরিক্ত উৎপাদনের ফলে কৃষকদের কম দামে ফসল বিক্রি করতে হয়, অথচ কিছুদিন পর একই ফসলের দাম কয়েকগুণ বেড়ে যায়। মধ্যস্বত্বভোগীদের প্রভাব এবং বাজারের অস্থিরতার কারণে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হন। ‘কৃষকের শীতল ঘর’ এই সংকটের সমাধানে এক কার্যকর ও টেকসই উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাভারের রাজালাখ হর্টিকালচার সেন্টারে ‘কৃষকের শীতল ঘর’ এর শুভ উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
দেশের কৃষিক্ষেত্রে ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষকদের অর্থনৈতিক মুক্তির পথ প্রশস্ত করার লক্ষ্যে এটি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষির বিভিন্ন স্তরের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন এবং সবাই উদ্যোগটিকে কৃষির ভবিষ্যতের জন্য এক বৈপ্লবিক সম্ভাবনা হিসেবে অভিহিত করেন।
রাজালাখ হর্টিকালচার সেন্টারে দুটি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে, যার মধ্যে একটি স্থিতিশীল ঘরভিত্তিক এবং অপরটি পরিবেশবান্ধব সোলার চালিত কনটেইনারভিত্তিক। ইতোমধ্যে কৃষকরা টমেটো, শসা, লাউ, বিটরুট, ক্যাপসিকাম, বেগুন, গাজর, ফুলকপিসহ বিভিন্ন সবজি ও ফল সংরক্ষণ শুরু করেছেন। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো- এটি প্রচলিত কোল্ড স্টোরেজের তুলনায় ৬০-৭০% কম খরচে পরিচালনা করা সম্ভব এবং বিদ্যুতের খরচ অনেক কম হওয়ায় এটি সহজেই পরিচালনা করা যায়। এই অত্যাধুনিক কোল্ড স্টোরেজ রিয়েল-টাইম মনিটরিং প্রযুক্তিসম্পন্ন, ফলে কৃষকরা মোবাইলের মাধ্যমে সংরক্ষিত ফসলের অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, এই শীতল ঘর শুধু ফসল সংরক্ষণের প্রযুক্তি নয়, এটি কৃষকের অর্থনৈতিক মুক্তির এক নতুন অধ্যায়। কৃষকরা এখন তাদের উৎপাদিত ফসল সংরক্ষণ করে বাজারের চাহিদা অনুযায়ী সঠিক দামে বিক্রি করতে পারবেন, যা তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।
কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, আমরা ফসলের অপচয় কমিয়ে কৃষকদের লাভজনক কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে নিতে চাই। ‘কৃষকের শীতল ঘর’ সেই লক্ষ্যেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মহাপরিচালক মো. ছাইফুল আলম বলেন, এই উদ্যোগ কৃষকদের দীর্ঘমেয়াদি বাজার স্থিতিশীলতা নিশ্চিত করবে, যা তাদের অর্থনৈতিক উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে।
এই উদ্ভাবনী কার্যক্রমের মূল বাস্তবায়নকারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাসরুর, যিনি নিজ হাতে এ প্রকল্পের নকশা, প্রযুক্তির প্রয়োগ ও বাস্তবায়ন পরিচালনা করেছেন।
তিনি বলেন, এই উদ্যোগ কেবল একটি কোল্ড স্টোরেজ নির্মাণের প্রকল্প নয়, এটি কৃষকদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার একটি নতুন দিগন্ত। আমরা এমন একটি প্রযুক্তি তৈরি করতে চেয়েছি, যা হবে পরিবেশবান্ধব, কম খরচে পরিচালনাযোগ্য এবং কৃষকের জন্য ব্যবহার উপযোগী। মাত্র ৫ লাখ টাকা খরচে কৃষক নিজের বাড়িতেই মিনি কোল্ড স্টোরেজ তৈরি করতে পারবেন, যেখানে কনটেইনারভিত্তিক সোলার বেসড পোর্টেবল কোল্ড স্টোরেজের জন্য খরচ হবে প্রায় ১৫ লাখ টাকা। বিদ্যুৎ-সাশ্রয়ী এই প্রযুক্তি প্রচলিত কোল্ড স্টোরেজের তুলনায় ৬০-৭০% কম খরচে পরিচালনা করা সম্ভব। কৃষকরা ২০-২৫ দিন বা আরও বেশী সময় পর্যন্ত ফল ও সবজি সংরক্ষণ করে বাজারের চাহিদা অনুযায়ী বিক্রি করতে পারবেন, যা তাদের আয়ের স্থিতিশীলতা নিশ্চিত করবে।
সরকার ইতোমধ্যে ১০০টি মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে, যা কৃষকদের জন্য আরও সহজলভ্য ও কার্যকর করতে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই উদ্যোগ কেবলমাত্র ফসল সংরক্ষণের জন্য নয়, বরং এটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকের আর্থিক স্থিতিশীলতা অর্জন এবং কৃষি খাতকে আরও আধুনিক ও লাভজনক করার এক অনন্য দৃষ্টান্ত। দেশের প্রতিটি উপজেলায় এ ধরনের মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের মাধ্যমে কৃষি উৎপাদন ব্যবস্থা আরও সুসংহত হবে, কৃষকরা বাজারের দামের ওঠানামার শিকার হবেন না এবং খাদ্য সরবরাহ চেইন আরও উন্নত হবে। সরকারি ও বেসরকারি বিনিয়োগের মাধ্যমে এই প্রযুক্তির সম্প্রসারণ করলে বাংলাদেশের কৃষি আরও সমৃদ্ধ হবে, কৃষকরা স্বাবলম্বী হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তার বুনিয়াদ আরও শক্তিশালী হবে।
আজকের ‘কৃষকের শীতল ঘর’ উদ্যোগের উদ্বোধন শুধু একটি প্রযুক্তিগত অর্জন নয়, এটি এক নতুন কৃষি বিপ্লবের সূচনা। কৃষকের মুখে হাসি ফোটাতে, তাদের পরিশ্রমের যথার্থ মূল্য নিশ্চিত করতে এবং দেশের কৃষিকে আরও টেকসই ও সমৃদ্ধ করতে এই উদ্যোগ এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশের কৃষি উন্নয়নের নতুন অধ্যায়ে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষকের জীবনমান উন্নয়নে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
এসএমই ফাউন্ডেশন ইনকিউবেটি ফোরামের পক্ষ থেকে সকল কৃষি উদ্যোক্তাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

সারাদেশ-এর আরও খবর