মালা খানের বিচার চাই

  বিশেষ প্রতিনিধি    19-09-2024    415
মালা খানের বিচার চাই

মালা খানের বিচার চাই।
কারণ তিনি বছরের পর বছর কঠোর পরিশ্রম করে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে ঘুরে এ প্রতিষ্ঠানের রাজস্ব খাতে ১১৮টি পদ সৃষ্টি করেছেন, যেখানে এতগুলি মানুষের কর্মসংস্থান হয়েছে। সেই তারাই দাবি করছেন, মালা খানের চাকরিই বাতিল করে দিতে। ১১৮টি পদ সৃষ্টি করে বেকারত্ব দূর করাই তার অপরাধ। এই গুরুতরো অপরাধের বিচার হতেই হবে।

মালা খানের বিচার চাই।
কারণ সায়েন্সল্যাবের কিছু অকর্মা বিজ্ঞানীর প্রবল বিরোধিতা, পত্রপত্রিকায় বানোয়াট লেখালেখি, হয়রানিমূলক নানা মামলা-মকদ্দমা, দুদকসহ বিভিন্ন কর্তৃপক্ষের কাছে মিথ্যা অভিযোগ (যা পরবর্তীতে তদন্তে সব অভিযোগ মিথ্যা প্রমানিত হয়েছে) এসব সত্বেও তিনি একক প্রচেষ্টায় দেশের সর্ব প্রথম, একমাত্র এবং আন্তর্জাতিক মানের কেমিক্যাল মেট্রোলজির রেফারেন্স ইনস্টিটিউট “বিআরআইসিএম” প্রতিষ্ঠা করেছেন।

যদিও বিআরআইসিএম প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে কেমিক্যাল মেট্রোলজি অবকাঠামো প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য একটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড- APMP DEN Award 2015 অর্জন করেছেন এবং আমেরিকান চেম্বার অফ রিসার্চ, ওয়ার্ল্ড রিসার্চ কাউন্সিল, United Medical Council, International Journal for Science, Technology & Academic Research, Times of Research এবং Chronicles Time-এর সমন্বিত উদ্যোগ ও মূল্যায়নে “ইনোভেটিভ রিসার্চার” হিসেবে অর্জন করেন ASIA RESEARCH AWARDS-2024। তবুও মালা খানের বিচার চাই।

মালা খানের বিচার চাই।
কারণ তিনি কেবল বাংলাদেশেই নন, সারা বিশ্বে প্রথমবারের মতো “কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড” প্রতিযোগীতার প্রবর্তন করেছেন।

মালা খানের বিচার চাই।
কারণ তিনি বিগত করোনাকালে, বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারীদের নিয়ে রাত-দিন ল্যাব খোলা রেখে করোনার পুরো সময় হাজার হাজার লিটার হ্যান্ড স্যানিটাইজার, বিশ লক্ষের বেশি করোনা স্যাম্পল কালেকশন কিট – ভিটিএম, আরও নানা ডিভাইস উৎপাদন করে বিতরণ করেছেন। মানুষ যখন ঘর থেকে বের হয়নি, নিকটজনের মৃতদেহ পর্যন্ত দেখতে যায়নি, তখন এই মালা খান ও তার সহকর্মীরা দিনরাত কাজ করেছেন, মানুষের পাশে থেকেছেন।

মালা খানের বিচার চাই।
কারণ এত মামলার পরেও সে তার কাজ করার স্বপ্ন দেখে। স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিয়ে মানুষের কল্যাণে ব্যবহার করার মত ধৃষ্টতা দেখায়। সে দমে যায় না। সে নিরন্তর চেষ্টা করে, পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে। মালা খানের অপরাধ হচ্ছে যেখানে বড় বড় বিশ্ববিদ্যালয়র বড় বড় পিএইচডি ডিগ্রীধারীদের পিএইচডি কাগজ-কলমেই সীমাবদ্ধ, বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না বললেই চলে, সেখানে মালা খান অখ্যাত বিশ্ববিদ্যালয়ের থেকে ছোট পিএইচডি নিয়ে তার গবেষনার বিষয়কে কাজে লাগিয়ে এত বড় একটি প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন, যার কার্যক্রম দেশে- বিদেশে সমাদৃত হয়েছে, সেই অপরাধে তার বিচার চাই।

মালা খানের বিচার চাই।
কারণ অন্যান্য সরকারি চাকরীজীবীদের মতো ৯টা-৫টা অফিস করে লেজ গুটিয়ে বাসায় চলে গেলেন না কোনো?

মালা খানের বিচার চাই।
কারণ দেশের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা না করেও কেনো এত বড় একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান তৈরী করলেন? যারা তথাকথিত বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন কিন্তু গবেষণায় মন না দিয়ে, ৯টা-৫টা অফিস করে ঘরে ফিরে যাবেন, এই মর্মে চাকরি নিয়েছেন, তাদের গলার কাটা তিনি কেনো হলেন?

মালা খানের বিচার চাই।
কারণ তিনি ৪৫০০-এর বেশি আন্তর্জাতিক মানের টেস্টিং সেবা সৃষ্টি করেছেন, ক্যালিব্রেশন সেবার সংস্কৃতি চালু করেছেন, ল্যাবের সক্ষমতা যাচাইয়ের জন্য প্রফিশিয়েন্সি টেস্টিং শুরু করেছেন, পরীক্ষন ফলাফলের সঠিকতা মূল্যায়নের জন্য দেশে প্রথম বারের মতো রেফারেন্স ম্যাটেরিয়াল উৎপাদন শুরু করেছেন।

মালা খানের বিচার চাই।
কারণ ১৭ কোটি মানুষের দেশে রোগ নির্ণয়/ চিকিৎসার প্রয়োজনে বিভিন্ন ধরনের কিটের (২৬০০ ধরনেরও বেশি মেডিকেল ডিভাইস) প্রায় ৯৩% বিদেশ থেকে আমদানী করা হয় বৈদেশিক মুদ্রা ব্যয় করে। এই আমদানী ব্যায় কমাতে বা বৈদেশিক মূদ্রা সাশ্রয়ে দেশের অভ্যন্তরে সক্ষমতা তৈরি করতে তিনি কেনো এত প্রচেষ্টা করবেন? যেখানে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠার সম্ভাবনা, কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি, রপ্তানী করে বৈদেশিক মুদ্রা আয় করার স্বপ্ন দেখার- তিনি কে?

মালা খানের বিচার চাই।
কারণ প্রতি বছর চিকিৎসার নানারকমের মলিক্যুলার টেষ্ট পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যায়। মাসে প্রায় ৫০ কোটি টাকার টেস্ট রেজাল্ট আসে ভারত থেকে। মালা খান এই বিআরআইসিএম-এ তার সহকর্মীদের সহযোগিতায় এই সকল টেষ্টের সক্ষমতা তৈরির উদ্যোগ নেয়। শুরু করে স্বাস্হ্য চিকিৎসায় অপরিহার্য এই সকল টেষ্ট সার্ভিসের। রোগীরা সুবিধাও পাচ্ছিল। অপেক্ষাকৃত কম খরচে দ্রুত সময়ে সেবা পাওয়ার। কিন্তু কেন? ভারতের স্বার্থে আঘাত হেনে দেশীয় সক্ষমতা তৈরি করতে হবে কার স্বার্থে? মালা খান কেন এই উদ্যোগ নিবে? এধরনের চিন্তার জন্য মালা খানের বিচার চাই।

এদেশে মালা খানদের তদন্তের আওতায় এনে অবিলম্বে বিচার চাই। আসুন সামাজিকভাবে তাদের নিশ্চিহ্ন করে দেই। যাতে তারা আর কোন দিন স্বপ্ন দেখতে না পারে। শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে না পারে। তা নিশ্চিত না করা পর্যন্ত যত নীচে নামতে হয়, নামতে হবে। মালা খানদের নির্মূল না করা পর্যন্ত কোন বিশ্রাম নেয়া যাবে না।

চলুন মালা খান সম্পর্কে আরও কিছু স্পর্শকাতর তথ্য জেনে নেই।
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স অধ্যয়নকালে মালা খানের মেজর রিসার্চের বিষয় ছিলো ল্যাবরেটরি ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (LIMS)। এই বিষয় নিয়ে কাজ করতে করতে এবং সে সময় বোতলজাত পানি সংক্রান্ত একটি গবেষণা পরিচালনা করতে গিয়ে এনালিটিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ও ক্যালিব্রেশন বিষয়ে তার আগ্রহ সৃষ্টি হয়। ঐ গবেষনায় তারা চিহ্নিত করতে সক্ষম হন যে, বাংলাদেশের টেস্টিং ল্যাবগুলির পরীক্ষণের মান নিয়ন্ত্রন, আন্তর্জাতিক মানের সঙ্গে তুলনাযোগ্য করা, পরীক্ষণে দুর্বলতা চিহ্নিত করা ও তা দূর করণে প্রভৃতি বিষয়ের জন্য দেশে প্রয়োজনীয় লিগাল অ্যান্ড টেকনিক্যাল ইনফ্রাসটাকচার নাই।

উল্লেখ্য যে, অনার্সে অসাধারণ কৃতিত্বের জন্য মালা খানকে প্রেসিডেন্ট গোল্ড মেডেল দেয়া হয়েছে, যা তিনি তৎকালীন মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে সরাসরি গ্রহণ করেছেন। (কেউ কেউ নাকি বলেন, তিনি সিজিপিএ জালিয়াতি করেছিলেন। সিজিপিএ জালিয়াতি করে আর যাই করা যাক, প্রেসিডেন্ট গোল্ড মেডেল পাওয়া যায় না) ।

তার গবেষণার ধারাবাহিকতায়, পরপর সেই সময়ে দেশের খ্যাতনামা দুটি গবেষণা প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে, দেশে কেমিক্যাল মেট্রোলজি অবকাঠামো প্রতিষ্ঠার বিষয়ে তার আকাঙ্খা প্রবল হতে থাকে। তার পিএইচডি গবেষণার বিষয়: Development of Strategy for Establishing Chemical Metrology Infrastructure in Bangladesh.

২০০৫ সালে তিনি বিসিএসআইআরে রিসার্চ ফেলো হিসেবে কাজ শুরু করেন এবং ২০০৬ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি ইন্স্ট্রুমেন্টেশন এন্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন। এই ল্যাবরেটরির কার্যক্রম, উদ্দেশ্য ও লক্ষ্য সম্প্রসারিত করে তিনি প্রতিষ্ঠা করেন ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস DRiCM।

এই ইনস্টিটিউটে প্রথমবারের মত রাজস্ব খাতে ৮০টি পদ সৃজন করেন। এসকল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেই শুরু হয় বিপত্তি। DRiCM-এর কার্যক্রম BCSIR-এর কার্যক্রম থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু BCSIR-এর কতিপয় বিজ্ঞানী এইপদগুলি দখল করার জন্যে উঠেপরে লেগে যান। তারা মিটিং-মিছিল, অশ্লীল ভাষায় শ্লোগান, পত্র-পত্রিকায় অসত্য, বানোয়াট তথ্য দিয়ে অশোভন, মানহানিকর ভাষায় লেখালেখি করতে থাকে। অন্যান্য পদসহ সিএসও পদে উন্মুক্ত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে তিনি সিএসও পদে নিয়োগের জন্য যথানিয়মে আবেদন করে। সংশ্লিষ্ট নিয়োগ কমিটি তার লিখিত, মৌখিক পরীক্ষা গ্রহন করে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং সংশ্লিষ্ট অন্যান্য সকল বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে তাকে নিয়োগের জন্য সুপারিশ করে। কিন্তু বিজ্ঞানীদের বিরোধিতা ও আন্দোলনের মুখে নিয়োগের সুপারিশ অনুমোদন করে নাই। এমতাবস্হায়, মালা খান বাধ্য হয়ে হাইকোর্টে রীট করেন এবং জয়লাভ করেন।

মালা খানের পিএইচডি নিয়ে কথা উঠেছে। যে বিশ্ববিদ্যালয়ে তিনি পিএইচডি করেছেন সেই একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্য স্বয়ং শিক্ষা মন্ত্রণালয়সহ, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আরো অনেক সরকারি কর্তৃপক্ষ তাদের কর্মকর্তাদেরকে অনুমতি দিয়েছে। তাহলে মালা খানের দোষ হল কোথায়? অন্য সবার জন্য ঠিক আছে। মালা খানের ক্ষেত্রে তা সঠিক হবে না। মালা খানের নিয়োগ ও পিএইচডি মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষ্পত্তিকৃত বিষয়।

বিজ্ঞান ও প্রযুক্তি-এর আরও খবর